শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

২৭-২৮ আগস্ট আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’-এর মতো চাঁদ


মহাজাগতিক পূর্ণ সূর্যগ্রহণের পর এবার চলতি মাসেই দেখা মিলতে যাচ্ছে বিরল এক চন্দ্রগ্রহণের। আগামী ২৭ ও ২৮ আগস্টের এই আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় কেন্দ্রীয় ছায়া বা ‘আমব্রা’র মধ্যে চলে যাবে। ফলে পুরোপুরি ঢেকে না গেলেও চাঁদের বড় অংশ রক্তিম ও কমলা আভায় জ্বলজ্বল করবে, যা অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখাবে।

২১ আগস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ 

২৭-২৮ আগস্ট আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’-এর মতো চাঁদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আকাশপ্রেমীদের জন্য আগামী ২৭ থেকে ২৮ আগস্ট হতে যাচ্ছে বিশেষ এক মহাজাগতিক ঘটনা। এ সময় চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। ফলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও চাঁদের বড় একটি অংশ লালচে-কমলা রঙে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই অ্যাট নাইট-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো চাকতিকে ঢেকে ফেলবে।

চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে এ সময় চাঁদের রং বদলে যায়। বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গ বেশি ছড়িয়ে দেয়, অন্যদিকে লাল ও কমলা আলোর কিছু অংশ বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদের দিকে পৌঁছায়। এ কারণে গ্রহণের সময় চাঁদকে লালচে বা কমলা রঙের দেখায়।

এ ধরনের দৃশ্যকে অনেক সময় ‘ব্লাড মুন’ বলা হয়। তবে এবারের গ্রহণ পূর্ণগ্রাস নয়, তাই পুরো চাঁদ লাল হয়ে যাওয়ার পরিবর্তে এর প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

চন্দ্রগ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এরপর চাঁদ পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকেও গ্রহণের অংশবিশেষ দেখা যেতে পারে।

তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ গ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ সময় সকালে ঘটবে এবং সে সময় চাঁদ বাংলাদেশের আকাশে দৃশ্যমান থাকবে না। ফলে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য এবারের চন্দ্রগ্রহণ সরাসরি দেখার সুযোগ সীমিত হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ পৃথিবীর ছায়ায় ঢাকা লালচে-কমলা চাঁদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।