রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শিশুদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে রাজি টিকটক


শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি না নেওয়ার অভিযোগে এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অন্যতম বড় আর্থিক নিষ্পত্তি হিসেবে দেখা হচ্ছে।

২২ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ণ 

শিশুদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে রাজি টিকটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি অন্যতম বড় আর্থিক সমঝোতা।

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন বিচার বিভাগ টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর কাছ থেকে টিকটক বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের বাবা-মা বা অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। ‘চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ নামে পরিচিত এই আইনটি ২০০০ সালে প্রণয়ন করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, টিকটক প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বয়স কার্যকরভাবে যাচাই করা হতো না। ফলে ১৩ বছরের কম বয়সী শিশুরাও সহজেই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারত এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিভাবকের সম্মতি নেওয়া হয়নি।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, মামলা শুরুর সময়ের তুলনায় বর্তমানে শিশু ও অভিভাবকেরা আরও ভালোভাবে সুরক্ষিত। সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স অবিলম্বে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। এরপর ২০১৯ সালে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে করা একটি আইনি সমঝোতা বাতিলের পর তাদের আরও ১০ কোটি ডলার দিতে হবে।

২০১৯ সালের ওই সমঝোতায় বাইটড্যান্সের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি-কে শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী কোনো শিশু অ্যাপটি ব্যবহার করতে চাইলে তার বাবা-মায়ের সম্মতি নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে একই আইনের আওতায় শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। ২০১৯ সালে ইউটিউবকে ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমসকে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলা দায়েরের পর থেকে টিকটকের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে কোম্পানিটির মালিকানা কাঠামো, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নীতি এবং তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন।

মামলা দায়েরের সময় মার্কিন সরকারের আইনজীবীরা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি কিশোর ব্যবহারকারী ছিল। অ্যাপটি শিশুদের মধ্যেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে অভিযোগ ছিল, টিকটক শিশুদের বয়স যাচাই এবং তাদের তথ্য সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়নি।

এদিকে একই আইনের আওতায় মেটার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মামলা করেছে। তাদের অভিযোগ, মেটা শিশুদের লক্ষ্য করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে। এ মামলার বিচারও চলতি সপ্তাহে শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। অন্যদিকে টিকটকের মার্কিন কার্যক্রমকে বাইটড্যান্সের চীনা কার্যক্রম থেকে আলাদা করার প্রক্রিয়াও গত বছর শুরু হয়। বর্তমানে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসার ৮১ শতাংশ মালিকানা একটি বিনিয়োগকারী জোটের হাতে এবং বাইটড্যান্সের হাতে রয়েছে ১৯ শতাংশ।

২০২৪ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক নিষিদ্ধ করা অথবা যুক্তরাষ্ট্রে এর ব্যবসা বাইটড্যান্স থেকে আলাদা করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকটকের মার্কিন কার্যক্রমকে বাইটড্যান্স থেকে আলাদা করার পক্ষে অবস্থান নেন। পরে সেই মালিকানা পরিবর্তন বাস্তবায়িত হয়।

ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সর্বশেষ বিনিয়োগ মূল্যায়ন অনুযায়ী, কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৫৫০ বিলিয়ন ডলার। শুক্রবারের ঘোষণায় মার্কিন বিচার বিভাগ জরিমানার বাইরে টিকটকের বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসির পক্ষ থেকে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।