সরকারি পে-স্কেলের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
শিশুদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। বুধবার শহরের মেয়র জোহরান মামদানি এক বছরের জন্য এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল বোর্ডের নেওয়া এ সিদ্ধান্ত সারা দেশেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব পড়বে নিউইয়র্কের পাবলিক স্কুলের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ওপর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এআই ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা, যাদের বয়স সাধারণত ১৪ বছর বা তার বেশি, সীমিত পরিসরে কিছু পাইলট প্রোগ্রামের মাধ্যমে এআই ব্যবহারের সুযোগ পাবে। এ ছাড়া হাইস্কুলের শিক্ষার্থীদের বছরে দুবার এআই সাক্ষরতা বিষয়ক ক্লাস করানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষভাবে মানসিক সহায়তার জন্য তৈরি কম্প্যানিয়ন চ্যাটবট সব গ্রেডের শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ থাকবে। এক বিবৃতিতে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, প্রযুক্তি শিল্প মানুষকে বিশ্বাস করাতে চায় যে এআই-চালিত প্রারম্ভিক শিক্ষা শুধু অনিবার্যই নয়, বরং প্রয়োজনীয়। তবে নিউইয়র্ক সিটিতে বিষয়টিকে সেভাবে দেখা হচ্ছে না।
তিনি বলেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক এবং মানবিক সংযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করতে হবে, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং কঠিন সমস্যার সমাধানের চেষ্টা নিজেদেরই করতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে এআই ব্যবহারের অনুমতি পাবেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষজুড়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নির্বাচিত কর্মকর্তা এবং প্রযুক্তি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্কফোর্স কাজ করবে। এআই ব্যবহারে এক বছরের এই স্থগিতাদেশ শিক্ষার্থীদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্যে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়ন করবে ওই টাস্কফোর্স।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলও এ সিদ্ধান্তের বিষয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি যেন শিশুদের শিক্ষা ও বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, বরং তাদের সহায়তা করে- তা নিশ্চিত করার দায়িত্ব সবার। শিশুদের শিক্ষায় এআই ব্যবহারের সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক চলছে, তখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ শিক্ষা ব্যবস্থায় নেওয়া নিউইয়র্কের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: এএফপি