সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশিদের জন্য ভারতীয় চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা শিগগিরই চালু হতে পারে


বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম আগামী সপ্তাহগুলোতেই পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

১৩ এপ্রিল ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ 

বাংলাদেশিদের জন্য ভারতীয় চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা শিগগিরই চালু হতে পারে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম আংশিকভাবে পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। বর্তমান সরকার একটি সুন্দর সূচনার অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, সম্প্রতি দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলোতে বিক্ষোভের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় ভারত। পরবর্তীতে শুধুমাত্র জরুরি চিকিৎসা ভিসা সীমিত আকারে চালু থাকলেও পর্যটক ভিসা এখনো বন্ধ রয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকরা চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।