শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭


ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী ও এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

২ অক্টোবর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ 

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। তারা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল রাজিব পরিবহণের একটি বাস। একই সময়ে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর সাত যাত্রী মারা যান। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করেছে।

এদিকে দুর্ঘটনার পর ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ এবং দায়ীদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।