শনিবার, ১৬ মে, ২০২৬

মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে না পড়ার সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের


ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা ও তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অননুমোদিত তৃতীয় পক্ষের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর না করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে না পড়ার সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি (CVV)সহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঝুঁকিও রয়েছে। এতে সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাতেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডসংক্রান্ত তথ্য প্রদান এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে সব গ্রাহককে বিরত থাকতে হবে। একইসঙ্গে কার্ডসংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।