মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈদের আগে ফের বাড়লো স্বর্ণের দাম


স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

২৫ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ 

ঈদের আগে ফের বাড়লো স্বর্ণের দাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ার প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর দামে। পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৫ মে) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন নির্ধারিত এই দাম কার্যকর হবে। এর আগে গত শনিবার (২৩ মে) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা: বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ক্যাটাগরি ভেদে নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

উল্লেখ্য, বৈশ্বিক ও স্থানীয় বাজারের সাথে তাল মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত রেকর্ড ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে মোট ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ দফা।