তিশার আকুতি • মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাসনুভা তিশা, দোয়া চাইলেন সবার কাছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। এতে এ মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দামও ১ হাজার ৮০৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমল। দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ৩ হাজার ৮৪৯ টাকা।
২৬ সেপ্টেম্বরের সিদ্ধান্তে ২১ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ৫৭৪ টাকা। ওই সময় প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।