বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
অপরাধ নিয়ন্ত্রণ •

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯


রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫২টি মামলা দায়েরের পাশাপাশি একটি রিভলভার, চাপাতি, ককটেল, ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। বিভাগগুলোর মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১৩৯ জন গ্রেফতার হয়েছেন।

২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ 

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগ থেকে ১৩৯ জন। এছাড়া ওয়ারী বিভাগে ৭৯, তেজগাঁও বিভাগে ৬৬, লালবাগ বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৪, মতিঝিল বিভাগে ৪৫, উত্তরা বিভাগে ৪২, রমনা বিভাগে ২৩ এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের সাতটি অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা ও ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা। এছাড়া একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৯০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।