বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে উত্তাল ছাত্র-জনতা


জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাহবাগ প্রাঙ্গণ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

১৯ ডিসেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ণ 

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে উত্তাল ছাত্র-জনতা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন ছাত্র-জনতা। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে ও স্ব-উদ্যোগে শাহবাগে জড়ো হতে থাকেন তারা।বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে জাতীয় ও বিভিন্ন সংগঠনের পতাকা দেখা যায়। তারা স্লোগান দেন -‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’। শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সকাল পর্যন্ত বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ।

শনিরআখড়া থেকে আসা মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।’রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ‘ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করবো। শহীদ হাদি ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশ পেলে বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

শরিফ ওসমান বিন হাদি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ভূমিকার মাধ্যমে ছাত্র ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।