বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
৩০ এপ্রিল ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একদিনে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর, রাজবাড়ী ও পিরোজপুর জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পটুয়াখালী জেলায়, যেখানে চারজন নিহত হয়েছেন। জেলার রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কাজ করা ও গরু আনতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একই সঙ্গে গত দুই দিনে বজ্রপাতে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মাছ ধরতে গিয়ে শামীম মিয়া এবং সড়ক নির্মাণকাজের সময় সাগর ইসলাম বজ্রপাতে প্রাণ হারান।
বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে নদীতে অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রবিন হাওলাদার নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ বজ্রপাতে মারা যান। একইভাবে রাজবাড়ী সদর উপজেলায় সুমন মন্ডল নামে এক যুবক বজ্রপাতে নিহত হন। এ সময় তার কোলে থাকা শিশু কন্যা আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছে।
অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হাঁস আনতে গিয়ে আয়েশা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।