শনিবার, ২ মে, ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ১২


যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, ধ্বংস হয়েছে আবাসিক এলাকা।

২ মে ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ 

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ১২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দক্ষিণ লেবাননে দখলদার ইসরাইলের টানা বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরার। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত এবং আরও অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক বিমান হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। একই দিনে টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরও কয়েকটি এলাকায় হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘর, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস করা হয়েছে।

হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। তবে আগের দিন কোনো সতর্কতা ছাড়াই একই এলাকায় হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত দুই হাজার ৬১৮ জন নিহত এবং আট হাজার ৯৪ জন আহত হয়েছেন। ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা থামেনি।

ইসরাইল দাবি করেছে, তাদের হামলা মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে এবং হতাহতের সংখ্যা বাড়ছেই।