রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ রোববার। ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’-এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

৩ মে ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ৩ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ এবং ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের স্বীকৃতির পর থেকে দিনটি আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক সমাজে মুক্ত তথ্যপ্রবাহের গুরুত্ব তুলে ধরা।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। এই প্রতিপাদ্যের মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ বিশ্ব গঠনে স্বাধীন গণমাধ্যমের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সাংবাদিক সমাজ তাদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা আয়োজন করছে। একইসঙ্গে মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে আলোচনা সভা, র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের নতুন বাস্তবতা নিয়ে আলোচনা হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই এই দিবসটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবিক অর্থে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।