শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মেধানির্ভর ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর


মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসনের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

২৫ এপ্রিল ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ 

মেধানির্ভর ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা অত্যন্ত জরুরি।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশ-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি যে উন্নয়ন ও সক্ষমতার পরিচয় দিয়েছে, তা জাতির জন্য গর্বের। তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় একটি দক্ষ, প্রশিক্ষিত ও জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের সেই গণআন্দোলন আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছিল এবং বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আধুনিক রাষ্ট্র গঠনের জন্য জনপ্রশাসনকে আরও বেশি জনমুখী ও কার্যকর হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমলাতন্ত্রকে প্রথাগত ধ্যানধারণার বাইরে এসে জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।