বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভ্যাটের নির্দিষ্ট করের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা


প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী মাস থেকেই ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আসতে যাচ্ছে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাত। আজ বুধবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।

২৪ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ 

ভ্যাটের নির্দিষ্ট করের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের রাজস্ব ও নতুন করের উৎস সম্পর্কে এই ঘোষণা দেন।

সেলিনা সুলতানার প্রশ্ন ছিল-বিগত অর্থবছরে ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় কত ছিল? নতুন কোনো প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কিনা? থাকলে সম্ভাব্য প্রতিষ্ঠান বা উৎসের তালিকা কী?

সংসদে দেওয়া জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ সরকারের মোট রাজস্ব আয় ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থবছর থেকে নতুন কিছু খাত ও প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মোট ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনা হবে।

ভ্যাটের আওতায় আসা ১৬টি খাত হলো: ১. মুদি দোকান ২. তৈরি পোশাক বা কাপড়ের দোকান ৩. কনফেকশনারি ৪. কসমেটিক্সের দোকান ৫. প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালী পণ্য এবং জুতার দোকান ৬. হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা ৭. ডেকোরেটরস ৮. মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা ৯. পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি ও ফিটিংস ১০. টাইলসের দোকান ১১. ঢেউটিনের দোকান ১২. রড ও সিমেন্ট ১৩. ফার্নিচারের দোকান ১৪. বিউটি পার্লার ১৫. মিষ্টান্ন ভান্ডার এবং ১৬. রেস্টুরেন্ট।

প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে আগামী মাস (জুলাই) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে সংসদকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।