সোমবার, ৬ জুলাই, ২০২৬

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ


সরকারি যেকোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার চেয়ে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়।

৫ জুলাই ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ 

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের সব সরকারি অনুষ্ঠানে প্রচারসামগ্রীর সনাতন ধারা এবং ব্যক্তিকেন্দ্রিক প্রদর্শনীর সংস্কৃতি থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সরকারি কোনো উদ্যোগ বা আয়োজনের ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে দেশের প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি -তা থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিক বা নকশায় হোক না কেন ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

পরিপত্রে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে নতুন কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং এর সঙ্গে সংগতিপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে। ব্যানার বা ফেস্টুনের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানটি আয়োজনের মূল উদ্দেশ্য, এর অন্তর্নিহিত বার্তা ও বিষয়বস্তু জনসাধারণের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে এবং পরিপত্রে জানানো হয়েছে যে, এই আদেশ অনতিবিলম্বে দেশের সব সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ে কার্যকর হবে।