স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা, আইনে সংশোধনের উদ্যোগ ইসির
১৬ জুলাই ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরীক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, পরীক্ষার্থীরা তাদের দাবি সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং সে বিষয়ে সরকারের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ত্রুটি থাকার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেসব পরীক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হবে। ফলে পরীক্ষার্থীদের উত্থাপিত সমস্যার কার্যকর সমাধান হয়েছে বলে তিনি মনে করেন।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। সরকারকে বিব্রত করার চেষ্টাকারীদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। ঢাকাসহ কয়েকটি জেলায় সীমিত পরিসরে এমন তৎপরতা দেখা গেলেও তাদের সংখ্যা খুব বেশি নয়। তবে গণমাধ্যমে বিষয়টি আলোচনায় আসায় এটি গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।