শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শ্রীলঙ্কায় বন্যা: বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকমিশনের


শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে হাইকমিশন।

২৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ 

শ্রীলঙ্কায় বন্যা: বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকমিশনের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শ্রীলঙ্কায় টানা বর্ষণজনিত বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশন এক জরুরি বার্তায় জানায়, শ্রীলঙ্কার সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, কোনো বাংলাদেশি পর্যটক প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে পড়লে, বিপদে পড়লে বা আবাসস্থলে ফিরতে না পারলে, কিংবা যে কোনো ধরনের জরুরি সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে, নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

+94 71 760 6394
+94 71 368 0461

পর্যটকদের আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।