শনিবার, ২ মে, ২০২৬

নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির জরুরি বৈঠক আজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ বিকেলে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

১৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ 

নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির জরুরি বৈঠক আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আজ বিকেলে জরুরি বৈঠক আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে পুলিশ কমিশনার, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আমরা বসছি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংস ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।