বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সময় এখনো হয়নি: মির্জা আব্বাস


সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে এখনও সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ 

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সময় এখনো হয়নি: মির্জা আব্বাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আজ শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান পরিস্থিতি ও সংবিধান সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “এখনও সময় হয়নি, সময় আছে তো।” জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো শপথ না নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদেই হবে।”

দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করা প্রসঙ্গে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন: “ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসী তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে বলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।” তিনি আরও যোগ করেন যে, নতুন সংসদ তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জনগণের ম্যান্ডেট কার্যকর করবে।
শপথ গ্রহণ শেষে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।”