সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আজ পবিত্র ঈদুল ফিতর


এক মাসের সিয়াম সাধনার পর আজ শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীসহ সারা দেশে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

২১ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ 

আজ পবিত্র ঈদুল ফিতর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এক মাসের সিয়াম সাধনার পর দেশজুড়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশের লাখ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (২১ মার্চ) বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন বড় ময়দান ও মসজিদে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

তবে আবহাওয়ার বৈরিতা বা অনিবার্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদ জামাতে শরিক হবেন।

বৈরী আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, এবারের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও জরুরি প্রয়োজনে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা নেই। তারপরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড বসানো হবে, যাতে কোনো যানবাহন ঈদগাহ এলাকায় প্রবেশ করতে না পারে। প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানোর পাশাপাশি সিটিটিসির ডগ স্কোয়াড এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম মোতায়েন থাকবে। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুসল্লিদের জন্য সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হয়েছে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে ওজুর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় বিশেষ নজরদারি থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির পক্ষ থেকে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে।