বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক জাতীয় দলের সফল ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার পর সন্ধ্যায় বোর্ড কার্যালয়ে এসে দায়িত্ব বুঝে নেন তিনি। আপাতত তিন মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটির নেতৃত্ব দেবেন তামিম।

৭ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ 

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের ক্রিকেট অঙ্গনে বড় পরিবর্তনের সূচনা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড--এ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল।

মঙ্গলবার বিকেল ৪টার পর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতির চেয়ারে বসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বোর্ড প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়; সংবাদকর্মী ও ভক্তদের উপস্থিতিতে স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

নতুন এই কমিটি আপাতত অ্যাডহক ভিত্তিতে গঠন করা হয়েছে, যার মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই একটি নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমের নেতৃত্বাধীন কমিটিকে। ধারণা করা হচ্ছে, আসন্ন সেই নির্বাচনেও তিনি অংশ নেবেন।

তামিম দায়িত্ব গ্রহণের আগেই বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তার পরিচালনা পর্ষদের সদস্যরা বোর্ড ত্যাগ করেন। জানা যায়, দুপুরে তারা মাঠ পরিদর্শন শেষে বোর্ডে ফিরলেও বিকেলের দিকে তাদের প্রস্থান নিশ্চিত হয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে জানান, পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরপরই তামিম বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং অ্যাডহক কমিটির প্রথম সভাও আহ্বান করেন। তার নেতৃত্বে নতুন বোর্ড কীভাবে দেশের ক্রিকেট পরিচালনা করবে, তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে বিদায়ী বোর্ড সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের অনেকের ফোন বন্ধ পাওয়া যায় এবং কেউ কেউ সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তামিমের নেতৃত্বে বিসিবির এই নতুন যাত্রা দেশের ক্রিকেটে কী পরিবর্তন আনে, এখন সেটিই দেখার বিষয়।