শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ২৬৩ রান


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে বাংলাদেশ।

৬ আগস্ট ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ 

মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ২৬৩ রান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ম্যাচে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় টাইগাররা। দলের হয়ে ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ, খেলেন অপরাজিত ১০৯ রানের অনবদ্য ইনিংস।

দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। কোনো রান যোগ করার আগেই ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। অন্য প্রান্তে কিছুটা স্বচ্ছন্দে ব্যাট করলেও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান ইসলাম। ৪৭ বলে ৩১ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট হাতে ব্যর্থ হন অভিজ্ঞ মুমিনুল হক। ৫৮ বলে মাত্র ১৬ রান করে আউট হন তিনি। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমও কোনো রান না করেই ফিরে যান, যা বাংলাদেশের চাপ আরও বাড়িয়ে দেয়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে ৩৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। তরুণ ব্যাটার অমিত হাসান করেন ১৫ রান। ফলে ১৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বড় বিপদের মুখে পড়ে বাংলাদেশ।এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তিনি একপ্রান্ত আগলে রেখে তুলে নেন নিজের সেঞ্চুরি। শেষদিকে তাকে ভালো সঙ্গ দেন খালেদ আহমেদ। নবম উইকেটে দুজন গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে আড়াইশ রানের গণ্ডি পার করতে সহায়তা করেন।

খালেদ আহমেদ ২৬ বলে ১৫ রান করে আউট হলেও মিরাজ ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করে মাঠ ছাড়েন। তার ইনিংসটি ছিল ৮ উইকেট হারানোর পর বাংলাদেশের জন্য বড় স্বস্তির।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন স্পিনার কোরি রকিচিওলি। এছাড়া বাকি বোলাররা একটি করে উইকেট শিকার করেন। মিরাজের দায়িত্বশীল শতকে ভর করে সম্মানজনক সংগ্রহ গড়া বাংলাদেশ এখন বল হাতে ভালো শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। প্রস্তুতি ম্যাচে এই লড়াকু ইনিংস আসন্ন টেস্ট সিরিজের আগে টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে।