মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ক্রিকেটারদের দাবির মুখে নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি


ক্রিকেটারদের অনড় অবস্থান ও সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৫ জানুয়ারী ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ 

ক্রিকেটারদের দাবির মুখে নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ক্রিকেটারদের অনড় দাবির প্রেক্ষিতে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানায়, বোর্ডের সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী বিসিবি সভাপতির অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বিসিবি উল্লেখ করে, ক্রিকেটারদের স্বার্থই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বিসিবি তাদের অধিক্ষেত্রভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এই চ্যালেঞ্জিং সময়ে সকল ক্রিকেটারের কাছে পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়। বোর্ড আশা প্রকাশ করে, চলমান সংকট সত্ত্বেও ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেবেন।

উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব কড়া সমালোচনা করে। পরবর্তীতে নাজমুল ইসলাম ক্রিকেটারদের অবদান নিয়েও প্রশ্ন তোলেন বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন।

এরই মধ্যে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তায় পড়ে যায় আয়োজন। নির্ধারিত সময়েও ম্যাচ শুরু হয়নি। পরে জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বিপিএল।

এই সিদ্ধান্তের মাধ্যমে চলমান অচলাবস্থা কাটবে কি না, সেদিকেই এখন ক্রিকেটাঙ্গনের সবার নজর।