মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পর মাঠের লড়াইয়েও নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।

৩০ জানুয়ারী ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ 

স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় নিগার সুলতানা জ্যোতির দল।

উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করে ইনিংসের ভিত গড়ে দেন। দিলারা আক্তার ৩৯ রান করে ফিরে গেলেও জুয়াইরিয়া ফেরদৌস করেন ২২ রান। এরপর দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।

অধিনায়ক জ্যোতি মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। অপর প্রান্তে সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস উপহার দেন, যা দলীয় সংগ্রহকে বড় স্কোরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ১৯১ রান টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে সমান ১৯১ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান, যা এসেছিল মালদ্বীপের বিপক্ষে। পাশাপাশি রানের ব্যবধানে এটি বাংলাদেশের তৃতীয় বড় জয়। ১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ডার্সি কার্টারকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে ধাক্কা দেন পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশ মেয়েরা।

দলের পক্ষে আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান এবং মেগান ম্যাককল ২০ রান করেন। তবে অন্য কেউ বড় প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। বল হাতে মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার ২টি উইকেট শিকার করে বাংলাদেশের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।