রবিবার, ৩ মে, ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে সরাসরি মোবাইল রিচার্জ সুবিধা


জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করতে পারবেন।

৩ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ 

হোয়াটসঅ্যাপে আসছে সরাসরি মোবাইল রিচার্জ সুবিধা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ নতুন একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর প্রি-পেইড মোবাইল রিচার্জের জন্য আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।

ইতোমধ্যেই অ্যাপটির সঙ্গে ডিজিটাল পেমেন্ট সেবা সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আগে থেকেই এখানে UPI-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ এবং বিভিন্ন বিল পরিশোধের সুবিধা চালু রয়েছে। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার সেই সেবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ ফিচার যুক্ত করা হচ্ছে।

নতুন এই সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন। এজন্য অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকা প্রয়োজন হবে।

রিচার্জ করতে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা অ্যাপের মেনু থেকে ‘পেমেন্ট’ অপশনে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করতে পারবেন। এরপর নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে অপারেটর নির্বাচন করে পছন্দ অনুযায়ী রিচার্জ প্ল্যান বেছে নেওয়া যাবে।

পেমেন্ট সম্পন্ন করতে হবে ইউপিআই-এর মাধ্যমে। আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। আর যদি অ্যাকাউন্ট যুক্ত না থাকে, তবে নতুন করে ব্যাংক সংযুক্ত করে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমবে এবং ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। বিশেষ করে যারা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে।

সব মিলিয়ে,হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে যোগাযোগের পাশাপাশি আর্থিক লেনদেনসহ নানা সেবা এক জায়গায় পাওয়া যাবে।