বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চান শফিকুর রহমান, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দাবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে। তবে তারা খণ্ডিত কোনো সিদ্ধান্ত নয়, বরং সনদের সব প্রস্তাব একসঙ্গে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

১১ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ 

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চান শফিকুর রহমান, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দাবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ- আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতের সংসদ সদস্যরাও অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডেপুটি স্পিকার পদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে আলোচনা করেছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, ‘আমরা চাই জুলাই সনদের সংস্কারের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা, আমরা ততটুকুই চাই এর বেশি কিছু চাই না।’ বিরোধী দলের সংসদ সদস্যরা ইতোমধ্যে সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য- দুটি শপথই নিয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

ক্ষমতাসীনদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আসুন জুলাইকে সম্মান করি। চব্বিশ থাকলেই ছাব্বিশ হবে, নইলে ছাব্বিশের অস্তিত্ব থাকে না। চব্বিশকে অমান্য বা অগ্রাহ্য করে পাশ কাটিয়ে ছাব্বিশ জাতির জন্য কোনো সুখবর নয়। আমরা আশা করতে চাই, সরকারি দল দ্রুত এই কাজটি সম্পন্ন করবে।’ তিনি বলেন, দেশের ৬৯ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। তাই এটিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। গণভোটে উত্থাপিত চারটি বিষয়ের সবগুলো হুবহু গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তিনি।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে- এ প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। কাল আমাদের ভূমিকা আপনারা দৃশ্যমানভাবে দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এ সময় দলের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।