বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা


জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হয়েছে।

২৩ এপ্রিল ২০২৬, ২:২০ অপরাহ্ণ 

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহণ খাতে। এরই ধারাবাহিকতায় বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাসসহ আন্তঃজেলার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। এই নতুন ভাড়া তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না। শুধুমাত্র ডিজেলচালিত বাসগুলোর জন্যই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করে কমানো হবে। এদিকে, রেল ও নৌপথে ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ হার আরও বৃদ্ধি পাবে। এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়। পরদিন (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই পরিবহণ মালিকরা ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতেই সরকার এই নতুন ভাড়া কাঠামো ঘোষণা করলো।