বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি সাশ্রয় পরিকল্পনায় পরিবর্তন: সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল


জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

৫ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ 

জ্বালানি সাশ্রয় পরিকল্পনায় পরিবর্তন: সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নেওয়া আগের সিদ্ধান্তে পরিবর্তন এনে দোকানপাট, শপিংমল ও বিপণি বিতান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, তিন মাসের চাহিদা মেটাতে জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনার আলোকে জ্বালানি ব্যবস্থাপনায় কিছু সমন্বয় আনা হয়েছে। তিনি আরও বলেন, এপ্রিল মাসে দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত মজুদ রয়েছে। একই সঙ্গে প্রায় তিন মাসের জন্য পেট্রোল ও অকটেন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।

জ্বালানি তেল আমদানির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী তিন মাসের চাহিদা মেটাতে সহায়ক হবে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্যাংশন ওয়েভার দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সময়সীমা বাড়ানো হলো।