শনিবার, ৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের স্বপ্নের স্টেডিয়াম ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ এর পথচলা শুরু


সিনেমার রূপালি পর্দার পাশাপাশি ক্রীড়া জগতেও নিজের রাজত্ব আরও বাড়ালেন বলিউড বাদশা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উন্মোচন করা হয়েছে তার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির নতুন স্টেডিয়াম ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতে যাওয়া এই স্টেডিয়ামটিকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গতকাল (১ জুলাই) এক ভিডিও বার্তার মাধ্যমে এই স্বপ্নের স্টেডিয়াম উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান।

৩ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ 

যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের স্বপ্নের স্টেডিয়াম ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ এর পথচলা শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বলিউডের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটেও নিজের অবস্থান আরও শক্ত করলেন শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখল তার ফ্র্যাঞ্চাইজি সাম্রাজ্য। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাহরুখ খানের নতুন ক্রিকেট স্টেডিয়াম ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’। এটি মূলত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়া দল ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’-এর হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।

১ জুলাই এক ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে থাকা ক্রিকেট ভক্তদের এই সুখবর জানান শাহরুখ খান। উচ্ছ্বাস প্রকাশ করে কিং খান বলেন, “এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।”

বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট লিগে শাহরুখ খানের ‘নাইট রাইডার্স গ্রুপ’-এর দারুণ আধিপত্য রয়েছে। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL), নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (WCPL), সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ (ILT20) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (MLC) রয়েছে তাদের দল।

জানা গেছে, নতুন এই স্টেডিয়ামটির জমি ও অবকাঠামোর মূল মালিক ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষ। তবে তাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান নাইট রাইডার্স গ্রুপ। উল্লেখ্য, এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও বিশিষ্ট শিল্পপতি জয় মেহতা।

ক্রিকেটের এই বড় অর্জনের পাশাপাশি নিজের মূল আঙিনাতেও সমান ব্যস্ত বলিউড বাদশা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘কিং’–এর শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই মেগা প্রজেক্টটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।