বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
২৯ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই কোনো ধরনের টিকা নেয়নি। এছাড়া ১৪ শতাংশ শিশু মাত্র এক ডোজ টিকা নিয়েছে, যা পূর্ণ সুরক্ষার জন্য যথেষ্ট নয়।
বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, টিকা গ্রহণে অনীহা ও অসম্পূর্ণ টিকাদানই সংক্রমণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশাবাদ ব্যক্ত করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। সংস্থাটি জানিয়েছে, টিকাদান কার্যক্রম জোরদারভাবে চালু রয়েছে। আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এর মধ্যে ৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে পূর্ণ ডোজ টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের সময়মতো শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।