খাল-নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
২২ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনার অবসান হলো অবশেষে। হামজা চৌধুরীদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কিংবদন্তি টমাস ডুলি। শুক্রবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তি সম্পন্ন করে ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ আজ সকালেই ঢাকায় পৌঁছেছেন। বাফুফে সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ মে) থেকেই বাংলাদেশ দলের বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক উইন্ডোর প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন তিনি।
জন্মসূত্রে জার্মান হলেও টমাস ডুলির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠে যুক্তরাষ্ট্র জাতীয় দলে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮১টি ম্যাচ এবং গোল করেছেন ৭টি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার।
ক্লাব ফুটবলেও ডুলির ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার লেভারকুসেন ও শালকের জার্সিতে খেলেছেন তিনি। ১৯৯৭ সালে শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ, যা বর্তমানে ইউরোপা লিগ নামে পরিচিত। এছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জিতেছিলেন বুন্দেসলিগা শিরোপাও।
খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে জার্গেন ক্লিন্সম্যানের সঙ্গে কাজ করেছেন। এরপর ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে দলটিকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তুলে ইতিহাস গড়েন।
এছাড়া ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইন দলের দায়িত্বে ফিরেছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কর্মরত ছিলেন। টমাস ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। ইউরোপের দেশ সান মেরিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মে মাসের শেষ সপ্তাহে দেশটিতে উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।