শুক্রবার, ২৯ মে, ২০২৬

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা


২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ এবং একঝাঁক তরুণ প্রতিভাকে নিয়ে এই স্কোয়াড সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরাবরের মতোই এবারও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি। মাঠে নামলেই যিনি গড়বেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার এক অনন্য ইতিহাস।

২৯ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ 

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে দলকে তৃতীয় শিরোপা এনে দেওয়া অধিনায়ক লিওনেল মেসি এবারও দলের প্রধান কাণ্ডারি। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ (১৯৮) এবং সর্বোচ্চ গোলের (১১৬) মালিক মেসির জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই চূড়ান্ত তালিকায় সবচেয়ে বড় চমক তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই উদীয়মান তারকা। একই সাথে স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। দল ঘোষণার পর এই দুই তারকার বাদ পড়াই এখন ফুটবল মহলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে।

অভিজ্ঞদের বাদ দিলেও স্কালোনি দলের মূল শক্তি ও ভারসাম্য ধরে রেখেছেন। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং হুলিয়ানো সিমেওনের মতো ফুটবলাররা। মেসির পাশাপাশি আক্রমণভাগে আরও আছেন ইনফর্ম লাউতারো মার্টিনেজ। আর গোলপোস্টের নিচে যথারীতি বিশ্বস্ত অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

গ্রুপ পর্বের সময়সূচি: এবারের বর্ধিত কলেবরের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে 'গ্রুপ জে'-তে। আগামী ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির দল। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। আর ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) উন্নীত হওয়ার সুযোগ পাবে।