বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত


ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার- এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে পাকিস্তানের। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে খেলবে বাবর আজম–শাহীন শাহ আফ্রিদিদের দল। তবে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

এর আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও রোববারই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন।

বিশ্বকাপে না খেললে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্র জানিয়েছে, কোনো কারণে বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব না হলে লাহোরে চার দলের অংশগ্রহণে একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। দলগুলো গঠিত হতো ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলসহ অন্যান্য ক্রিকেটারদের সমন্বয়ে।

এই পরিকল্পনার সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক উদ্যোগের। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই আড়াই কোটি টাকা বাজেটে তিন দলের অংশগ্রহণে একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে, যা শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি। সেই টুর্নামেন্টের জন্য অধিনায়ক ও কোচের নামও ঘোষণা করেছে বিসিবি।

তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট না করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান।

এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হলেও সবচেয়ে আলোচিত পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।