মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গ্রিসের অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২৫


গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। নৌকাটিতে থাকা ৭৭ জনের মধ্যে ৫১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৫ জন। তাদের উদ্ধারে গ্রিসের কোস্টগার্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স যৌথভাবে অভিযান চালাচ্ছে।

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ 

গ্রিসের অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গ্রিক সংবাদমাধ্যম ‘টু ভিমা’র প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। গাভদোসের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পর গ্রিসের কোস্টগার্ডের সদস্যরা ৫১ জনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গ্রিসের কোস্টগার্ড ও ফ্রন্টেক্সের যৌথ অভিযানে চারটি নৌযান, একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

গ্রিক কর্তৃপক্ষ এখনো উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রিক সংবাদমাধ্যম ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিস অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথে প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে গ্রিসের আইন বেশ কঠোর। দেশটির ভূখণ্ডে নথিবিহীন অবস্থায় প্রবেশ করলে বিদেশিদের দীর্ঘমেয়াদি প্রশাসনিক আটক, শাস্তি এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি