বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

তেলের দাম স্থিতিশীল রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: চিফ হুইপ


মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে বাজার স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

২৮ মার্চ ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ 

তেলের দাম স্থিতিশীল রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: চিফ হুইপ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও দেশে বাজার স্থিতিশীল রাখতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের দাম ঠিক রাখতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

নূরুল ইসলাম জানান, জ্বালানি তেলের দাম যেন না বাড়ে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে একটি জাহাজ ইতোমধ্যে ঘাটে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ অচিরেই দেশে পৌঁছাবে।

চিফ হুইপ অভিযোগ করেন, কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, পাশের দেশের তুলনায় দেশে তেলের দাম কম হওয়ায় চোরাচালানের ঘটনা ঘটছে।

তেল পাচার রোধে কড়া বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, তেল চোরাচালান ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) সংসদে জ্বালানি মন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন এবং কঠোর বার্তা দেবেন। সংসদীয় সভায় ঈদের সময় বাস ও ট্রেন দুর্ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়।

এদিকে, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ আলোচনা না হলেও রোববার এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ২ এপ্রিলের আগেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করার চেষ্টা করা হবে বলেও জানান চিফ হুইপ।