চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্যমতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৩টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৭৩ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৯টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী। মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ২৬৩ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনা করছে মোট ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবে।